৩ দাবিতে এমপিও শিক্ষকদের আলটিমেটাম, ৩০ ডিসেম্বরের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচি
বদলির আদেশ জারি, নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা এবং ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতাসহ তিন দফা দাবি আদায়ে সরকারকে আলটিমেটাম দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে এসব দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বুধবার (৪ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের ছয় লাখেরও বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী দীর্ঘদিন ধরে এসব দাবি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন। অনেক শিক্ষক পরিবার থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করছেন। তাদের দুর্ভোগ লাঘবে দ্রুত বদলির আদেশ জারি করতে হবে।
অধ্যক্ষ আজিজী জানান, এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে অর্থ বরাদ্দ চেয়ে গত ১ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান তিনি। একই সঙ্গে মাদরাসা ও কারিগরি শিক্ষকদের জন্যও দ্রুত অর্থ বরাদ্দের উদ্যোগ নেওয়ার দাবি জানান।
এছাড়া বর্তমানে মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পাওয়ার কথা উল্লেখ করে আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ ভাতা নিশ্চিত করার দাবি জানান তিনি।
জোটের সদস্যসচিব বলেন, সার্বিক পরিস্থিতি ও শিক্ষকদের নিরাপত্তা বিবেচনায় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির পরিবর্তে সংবাদ সম্মেলন করা হয়েছে। তবে আন্দোলন স্থগিত হয়নি। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না নিলে জোটের নেতাদের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।





